আড়াইহাজারে মামার সঙ্গে অভিমান করে যমজ দুই বোনের আত্মহত্যা

আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:৫৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যমজ দুই বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকাল ৯টায় তারা কীটনাশক পান করে।  নিহতরা হলো ১৮ বছর বয়সী মিতু ও মিলা। দুইজন উপজেলার উচিত্পুরা ইউনিয়নের  সীতারামকান্দী এলাকার নাঈম মিয়ার মেয়ে।

নিহতদের নানী  গোলবাহার জানান, ১৫ বছর আগে তাদের মা রহিমা খাতুন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর বাবা নাঈম দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই মিতু ও মিলা নানার বাড়ি সীতারামকান্দিতে থাকতো। পাশাপাশি মদনপুর এলাকায় একটি বিসু্কট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। এরা প্রতি মাসে একবার বাড়িতে আসত। বৃহস্পতিবার বাড়িতে আসার পর  রাতে মামা মোস্তফা মিয়া তাদের বকাবকি করেন এবং চরিত্র নিয়ে কথা বলেন। এর জের ধরে সকাল ৯টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ২ বোন  কীটনাশক পান করে। এক পর্যায়ে তারা বমি করতে থাকলে স্বজনরা উদ্ধার করে ১২টার দিকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোহাম্মদ আলী বলেন, আমরা এর বিচার চাই।  নিহতদের বাবা নাইম বলেন, আমিও এই ঘটনার বিচার চাই। ঘটনার পর থেকে মামা মোস্তফা ও তার স্ত্রী পলাতক রয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা দোষীদের বিরুদ্ধে  ব্যবস্থা নিব।