নির্মাণাধীন ভবনের পিলার মাথায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:৫৬

সাভারে একটি নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে মাথায় পড়ে এক শিশুর (৬) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় বিদ্যুতের একটি পাওয়ার প্ল্যান্টের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু বকর সিদ্দিক নাটোর জেলার সিংড়া উপজেলার বড় চৌগ্রামের মিজানুর রহমানের ছেলে। সে আমিনবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ঐ শিশুর বাবা মিজানুর রহমান বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহ করতেন। প্রতিদিনের মতো গতকালও তিনি বিদ্যুতের ঐ পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহের জন্য গেলে তার ছয় বছরের শিশু আবু বকরও তার সঙ্গে যায়। তিনি তার সন্তানকে প্ল্যান্ট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পাশে রেখে কাজ করছিলেন। হঠাত্ ভবনটির বাইরের অংশের একটি পিলারের সঙ্গে বাঁধা কাপড় শুকানোর ধাতব তারের সঙ্গে সড়কে চলন্ত একটি রিকশা আটকে যায়। এতে পিলারটি ভেঙে শিশু আবু বকরের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।