নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান একই আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিনের তৃতীয় বিয়ের খবর প্রচার করে বলেছেন, ৭৮ বছরের বুড়ো ২৩ বছরের এক মেয়েকে বিয়ে করেছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় থাকার কালে ১৭ জনকে খুন করেছে বলে দাবি করেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
শামীম ওসমানের এই বক্তব্য দেওয়ার পর সমগ্র শহরে এনিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানের এই বক্তব্য ভেসে বেড়াচ্ছে। তিনি বলেছেন, বয়সে আমার অনেক বড়, আমার শাশুড়ির বন্ধু, বয়স নাকি তার ৭৮ নাকি ৭৯ বছর। এ বুড়া বয়সে ধরা খেয়ে ২৩ বছরের মেয়েকে বিয়ে করছেন। শামীম ওসমান নতুন বিয়ে করা নারীর নাম ঠিকানা পরে বলে দিবেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ২৩ বছরের একটা মেয়ে বিয়ে করছেন আর খুন করেছেন ১৭টা। বিয়ে করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার বউয়ের নামও আমি বলতে পারবো। কোন এলাকাতে থাকেন এখন সেটাও বলতে পারবো। ভাববেন না আপনারা কোথায় থাকেন এটা জানি না। পুলিশ আপনাদের ধরে না দেখে ভাববেন আমরা জানি না। কিন্তু আমরা সব জানি। প্রতিহিংসা চাই না। মানুষের মনে থাকতে চাই।রাজনীতিটা নষ্ট কইরেন না। একসাথে থাকতে দেন। ছেলেদের রাস্তায় নামিয়ে এমন কিছু করবেন না যাতে মামলা খেয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।
তিনি আরও বলেন, ২০০১ সালের পর আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। সিদ্ধিরগঞ্জে কফিলউদ্দিন, সুন্দর আলীসহ অনেককে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের কারখানায় হামলা করে দুধের বান, রাজহাঁসের গলা কেটে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেইনি। কাউকে একটা ফুলের টোকাও দেই নাই। শামীম ওসমানের এই বক্তব্য এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
