ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় জনের এক জন জেসমিন আক্তার (২৮)। তিনি উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী। তাদের ছয় মাসের একটি মেয়ে আছে। সংসারে সহযোগিতার জন্য তিন মাস আগে জেসমিন যোগ দেন গার্মেন্টসে। প্রতিদিনের মতো সেদিনও সকালে মেয়েকে দাদি হালিমা খাতুনের কাছে রেখে কাজে গিয়েছিলেন জেসমিন; কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না।
জেসমিনের স্বামী মাহমুদুল হাসান বলেন, অভাব-অনটনের সংসার তাদের। সকালে তাকে ডেকে ঘুম থেকে তুলে কাজে যায় জেসমিন। এ সময় তিনি জেসমিনকে কাজে যেতে মানা করেছিলেন। জেসমিন বলেছিল, ‘আজ বেতন দিতে পারে, বিকাল ৫টার আগেই চলে আসবো—এ কথা বলেই সে বের হয়ে যায়; কিন্তু সে এলো লাশ হয়ে। ‘আমার দুধের মাইয়াডার অহন কী হইবো, ও কেমনে বাঁচবো মা ছাড়া’—বলেই কান্নায় ভেঙে পড়েন মাহমুদুল।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় বিকল অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে ছয় জন নিহত হন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ টাকা করে প্রাথমিকভাবে সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হলে ৫ লাখ টাকা আর্থিকসহায়তা পাওয়া যাবে বলেও জানান তিনি।
