গাজীপুরের কাপাসিয়া থেকে অপহূত এক স্কুলছাত্রীকে গতকাল শুক্রবার বিকালে নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এসময় অপহরণে ব্যবহূত মাইক্রোবাসসহ প্রধান আসামি মামুন ও তার পিতা উপজেলার পাপলা গ্রামের সুলতান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঐ স্কুলছাত্রী গত বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় সহপাঠীদের সঙ্গে বাইসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় তিলশুনিয়া এলাকায় পৌঁছলে মামুন ও তার সহযোগীরা তার গতিরোধ করে। কিছুক্ষণের মধ্যে একটি মাইক্রোবাস ঘটনাস্থলে আসে এবং জোরপূর্বক ফিল্মি স্টাইলে তাকে টেনে তুলে নিয়ে যায়। পরে এ ব্যাপারে ছাত্রীর বড়ো বোন রাতে কাপাসিয়া থানায় মামুনসহ আরো ৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। থানার এসআই সুমন মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ থানার পলাশ বাজার নামক এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।
