সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাইস্কুলের ২০ এর অধিক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত লম্পট শিক্ষক আশরাফুল আরিফ ও মদদদাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি করা হয়। পরে আসামিদের র্যাব-১১ কার্যালয় থেকে সিদ্ধিরগঞ্জ থানাহাজতে প্রেরণ করা হয়।
র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃত শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিশ জনেরও বেশি ছাত্রীকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক বিষয়টি স্বীকার করেছে। আরো তথ্যের জন্য আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আশরাফুল আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন স্কুলের নির্যাতিত সকল ছাত্রীর পরিবার এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি করে র্যাব। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত র্যাবের মামলাটিতে অনৈতিক কাজে মদদ দেওয়ার অপরাধে প্রধান শিক্ষককেও আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অবস্থিত ঐ স্কুল থেকে শিক্ষক আশরাফুল আরিফ ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে গ্রেফতার করা হয়।
