বছরের শুরুতে আইপিএল খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে এক ক্যাচ ধরতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যায় নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের। এরপর লম্বা সময়ের জন্যই ছিলেন দলের বাইরে। তবে ভারতে বিশ্বকাপ দিয়েই তাকে ফেরানের হয় স্কোয়াডে। আসরের মূলপর্বের ম্যাচের আগে দলের হয়ে মাঠে নেমেছিলেন দুইটি প্রস্তুতি ম্যাচেও। কিন্তু মূল ম্যাচের প্রথম দুটিতে ছিলেন না তিনি। অপেক্ষা ছিল মাঠে নামার। অবশেষে তার অবসান ঘটতে যাচ্ছে। চেন্নাইয়ে আজ বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
এর আগে গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও দলের প্রতিনিধি হিসেবে আসেন উইলিয়ামসন। এসময় দীর্ঘ আট মাস পর দলে ফেরার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বেশ লম্বা একটা ভ্রমণ ছিল! বেশ ভালোই ছিল তা, ভালোই অগ্রগতি হয়েছে। বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটাই রোমাঞ্চকর ছিল। আজকে এখানে বসে থাকতে পারা ও কালকে খেলতে পারাও হবে দারুণ। আরেকটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ বিশ্বমঞ্চে এরকমই হয়। আমরা মুখিয়ে আছি মাঠে নামার জন্য।’
এদিকে গোটা সংবাদ সম্মেলনে বেশির ভাগ প্রশ্ন ছিল তার ইঞ্জুরি, ফিরে আসা, বর্তমান কন্ডিশন-কেন্দ্রিক। এর মধ্যে গুটিকয়েক প্রশ্ন ছিল চেন্নাইয়ের এই ম্যাচ নিয়ে। যার মধ্যে একটি প্রশ্ন ছিল এই ম্যাচে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন কিউইরা। জবাবে অধিনায়ক বলেন, ‘নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে তারা খুব ভালোভাবে পরিচিত। দলে বেশ কয়েক জন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ও আছে। আর আমি ঘুরিয়ে-ফিরিয়ে এটিই বলি, বৈশ্বিক টুর্নামেন্টে এলেই দেখবে এমন অনেক দল থাকে, যারা কন্ডিশনভেদে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ের সহায়তায় একে অপরকে হারাতে পারে।’ এসময় বিশ্বকাপে সব দলের বিপক্ষেই মাঠে নামা কঠিন জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দলের বিপক্ষেই আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। দল হিসেবে খেলার গুরুত্বপূর্ণ যে অংশগুলোর প্রতি আপনি নিবদ্ধ থাকতে চান, সেগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করাটা দরকার। কারণ, এটা বেশ লম্বা একটা টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই কঠিন। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করাটাই ব্যাপার।’
এবারের আসরে নিউজিল্যান্ড এখন পর্যন্ত খেলেছে দুইটি ম্যাচ। যার মধ্যে প্রথমটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হাওয়ার সঙ্গে ভাসিয়ে জিতেছে ৯ উইকেটে। এরপর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও হেসে খেলে জিতেছে তারা। তবে এবার যে তাদের খানিকটা চ্যালেঞ্জের মুখে পরতে হবে তা জানান উইলিয়ামসন। আর এর কারণ হলো বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট। চেন্নাইয়ের মাঠটি স্পিনবান্ধব। আর এই কন্ডিশনে বাংলাদেশ বেশ ভয়ংকর, কারণ দলে রয়েছে বেশ কয়েক জন মানসম্মত স্পিন বোলার। এ প্রসঙ্গে কিউই অধিনায়ক বলেন, ‘আমাদের যে আগামীকাল (আজ) বড় চ্যালেঞ্জের (বাংলাদেশের স্পিনারদের কারণে) সম্মুখীন হতে হবে, এ সম্পর্কে অবগত আছি। আইসিসির টুর্নামেন্টে সব দলই সমান, যে কেউ যে কাওকে হারিয়ে দিতে পারে। এখানে আপনাকে একেক ভেন্যুতে খেলতে হয়, প্রতিনিয়ত কন্ডিশন পরিবর্তন হয়, ভিন্ন কন্ডিশনে ভিন্ন চ্যালেঞ্জ থাকে। এটা একটা বড় ভূমিকা রাখে। আমরা সবাই জানি চেন্নাইয়ে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। আমি জানি দুই দলেই বেশ ভালো মানের কয়েক জন স্পিনার আছেন, যারা আগামীকালের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু আমাদের একটাই কাজ থাকবে পরিকল্পনা অনুযায়ী খেলা, নিজেদের সেরাটা দিয়ে খেলা।’
