রাজধানীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন অভিযোগে ১০ জন আটক হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোহাম্মদপুর ও তুরাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় পাইপগানসহ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে র্যাব-২ মোহাম্মদপুর ও র্যাব-১ এর পৃথক দল তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামলী শিশু পার্কের ভেতরে অন্ধকারে দেশীয় অস্ত্র-সরঞ্জামসহ একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। র্যাব সদস্যরা উপস্থিত হলে পালানোর সময় শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২) ও আজিজুল হক (১৮) নামে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, র্যারের একটি দল তুরাগ থানাধীন কামারপাড়া তালতলায় নির্মাণাধীন মক্কা টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের খোকন মিয়া (৪২), বাবুল (৪৫), নূর নবী (৩৮), মাতবর আলী (৫০) ও সিরাজুল ইসলাম (৩২) নামে পাঁচজনকে আটক করে।
