তেল-গ্যাস-বিদ্যুত্-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুেকন্দ সহ সরকারের সুন্দরবন বিধ্বংসী কর্মকাণ্ডের কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনকে বাদ দিচ্ছে ইউনেসকো। এটা শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্বের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষার জন্য হুমকি স্বরূপ।
গতকাল শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে তেল-গ্যাস-বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছানোর জন্য জাতীয় কমিটির পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জাতীয় পর্যায়ের বিভিন্ন গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে ২০১৭ সালের জুলাই মাসে ওই প্রস্তাব আমরা প্রকাশ করেছি। আমাদের গবেষণায় দেখা গেছে, কম দামে প্রত্যেক ঘরে, শিল্প কল-কারখানা ও কৃষিতে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ পৌঁছাতে এমন কোনো প্রকল্পের প্রয়োজন নেই—যা বাংলাদেশের সর্বনাশ করে। কিন্তু আমরা দেখলাম, বিপদ নেই, পরিবেশগত সমস্যা হবে না, দামও কম হবে—এধরনের প্রস্তাবে সরকারের কোনো আগ্রহ নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ওই প্রস্তাব জমা দেওয়ার দুই বছর পার হয়েছে। কিন্তু সরকার এটা নিয়ে কোনো আলোচনায় যেতে চাইছে না। উল্টো এমন সব প্রকল্প করছে, যেসব প্রকল্পে আর্থিক বোঝা তৈরি হবে, পরিবেশও হুমকিতে পড়ছে। জাতীয় কমিটির জেলা আহ্বায়ক এস এ রশিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় খুলনার সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী, সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন, বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক ফররুখ হাসান জুয়েল, ডা. মনোজ কুমার দাসসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
