৩ দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার ( ১৫ অক্টোবর) সকাল ১১টায় চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা নিয়মিতকরণ ও কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন ধরণের স্লোগান দেয়। স্লোগানগুলো হলো, ‘আর নয় আশ্বাস, এবার চাই বাস্তবায়ন’, ‘আর নয় প্রহসন, এবার স্থায়ীকরণ, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা কেন না খেয়ে, ‘মরতে হলে মরবো, অধিকার আদায় করবো, ক্ষুধা পেটে সেবা নয়, ‘অধিকার চাই ভিক্ষা নয়’, ‘বেতন ভাতা ফিরিয়ে দিন, পরিবার নিয়ে বাঁচতে দিন’।
আন্দোলনকারীরা জানায়, প্রায় এক বছর যাবত বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’দফায় জনবল নিয়োগের জন্য সার্কুলার আবেদন করলেও নানা জটিলতায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে।
দীর্ঘদিন যাবত বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বারবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এএইচএম এনায়েত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেও কোনো সুফল পায়নি।
সিমেবি কর্মচারী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মুহিন চৌধুরী জানায়, ৩ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে। আগামিতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তিনি শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
দাবিগুলো হলো
* নিঃশর্তে সকল পর্যায়ের কর্মচারীদের চাকরিস্থায়ীকরণ করতে হবে।
* প্রায় ১ বছর যাবত বেতন বন্ধ থাকায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। তাই দ্রুত সকল বকেয়া পরিশোধসহ বেতন-ভাতা নিয়মিতকরণ করতে হবে।
* কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং
* বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবিলম্বে নিজস্ব স্থায়ী জায়গায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
