নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আটক ১৮ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, রবিবার বরিশাল বিভাগে ১১১টি অভিযানে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২১১ কেজি ইলিশ, ১ হাজার ৫৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বরিশালে ১৬ জন, পটুয়াখালীতে পাঁচ জন, ঝালকাঠিতে দুই জন ও ভোলায় দুই জনের বিরুদ্ধে মোট ২৫টি মামলা হয়েছে। পাশাপাশি বরিশাল জেলার ১৬ জন ও ভোলার দুই জনসহ মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৬টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২০১টি মাছঘাট, ৩৩৪টি আড়ত ও ২১টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তিনি আরও জানান, নিষেধাজ্ঞার সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
