বিশ্বকাপেও বিতর্কিত ‘মানকাডিং’ আউট টেনে এনে বিতর্কের ঝড় তুললেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গতকাল লখনৌতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিতর্কিত ‘মানকাডিং’ বিতর্ক টেনে এনেছেন তিনি।
‘মানকাডিং’ রানআউটকে বৈধতা দিয়েছে আইসিসি। ফলে সুযোগ পেলে বোলার ইচ্ছা করলেই প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ‘মানকাডিং’ আউট করে দিতে পারেন। কিন্তু ক্রিকেটীয় চেতনার সঙ্গে মানানসই নয় বলে ‘মানকাডিং’ আউটকে কেউ ভালো চোখে দেখে না! এমনকি যদি কেউ এমন আউট করেন তাকে পরতে হয় সমালোচনার মুখে। আউট করা নয়, মিচেল স্টার্ক গতকাল প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ‘মানকাডিং’ আউটের সতর্ক করেই পড়েছেন সমালোচনার মুখে। খোদ অস্ট্রেলিয়ানরাই সমালোচনা করেছেন তার।
লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গতকাল ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কার ইনিংসের শুরুর দিকেই। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে প্রথম ওভারটি করতে আসেন মিচেল স্টার্ক। তো প্রথম ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে বল ডেলিভারি না দিয়ে হঠাত্ই রানআপ থামিয়ে দাঁড়িয়ে পড়েন স্টার্ক। দাঁড়িয়ে পরার পর সতর্ক করেন শ্রীলঙ্কার নন-স্ট্রাইকপ্রান্তের ব্যাটসম্যান কুশল পেরেরাকে। কারণ, স্টার্ক বল ডেলিভারি দেওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কুশল পেরেরা। চাইলে স্টার্ক স্টাম্প ভেঙে দিয়ে তাকে ‘মানকাডিং’ আউট করে দিতে পারতেন। কিন্তু তা না করে কুশল পেরেরাকে সতর্ক করে দেন তিনি।
নিজের পরের ওভারটি করতে এসে আবারও একই কাণ্ড ঘটনা স্টার্ক। এবারও ব্যাটসম্যান সেই কুশল পেরেরাই। হঠাত্ই রানআপ থামিয়ে থমকে দাঁড়িয়ে আবারও স্টার্ক সতর্ক করেন কুশল পেরেরাকে। কিন্তু এবার তার সতর্ক বার্তাটা ভুল ছিল। কারণ, এবার কুশল ক্রিজ ছেড়ে বেরিয়ে যাননি। বরং স্টার্ক বল ডেলিভারি দেওয়ার জন্য লাফিয়ে ওঠার পর কুশল পেরেরা ক্রিজেই ছিলেন। তারপরও তাকে সতর্ক করায় কুশল পেরেরা উলটো প্রশ্ন করেন স্টার্ককে। এরপরই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। স্বাভাবিকভাবেই বিষয়টিকে শ্রীলঙ্কানরা স্বাভাবিকভাবে নেননি।
তবে শ্রীলঙ্কানরা তো বটেই; খোদ অস্ট্রেলিয়ানরাই সমালোচনা করেছেন স্টার্কের। কেউ কেউ তো স্টার্ককে এমন পরামর্শও দিয়েছেন—নন-স্ট্রাইক প্রান্তের দিকে নজর দিয়ে কাউকে অন্যায়ভাবে আউট করার চেয়ে স্টার্কের উচিত সামনে থাকা ব্যাটসম্যানকে বৈধ ডেলিভারির মাধ্যমে আউট করার চেষ্টা করা।
উল্লেখ্য, বোলার বল ডেলিভারি দেওয়ার আগেই যদি নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তাহলে বোলার চাইলে স্টাম্প ভেঙে দিয়ে ঐ ব্যাটসম্যানকে রানআউট করে দিতে পারেন। ক্রিকেটে এই আউটকে বলা হয় ‘মানকাডিং’। কারণ, ক্রিকেট ইতিহাসে এমন আউট প্রথম করেছিলেন ভারতের বিনু মানকড়। তাই তার নামের সঙ্গে মিলিয়ে এই আউটকে ‘মানকাডিং আউট’ বা সংক্ষেপে ‘মানকাডিং’ বলা হয়।
