চলমান বিশ্বকাপে রীতিমত এক অঘটনই ঘটিয়ে দিয়েছে আফগানিস্তান। গত পরশু রাতে দাপটের সঙ্গেই বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে তারা। এছাড়া প্রথমবারের মত ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ। ব্যাট হাতে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ের পর বল হাতে রশিদ-মুজিব-নবীদের ঘূর্ণি ইংলিশদের বিপক্ষে ৬৯ রানের এই জয় পেতে সহায়তা করে। সব কিছু মিলিয়ে উড়ছে তারা।
আর এরপরই ভারতের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক দেশকে নিজেদের দ্বিতীয় ঘর বলে জানিয়েছেন আফগান উইকেটরক্ষক ব্যাটার গুরবাজ। রবিবার ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে গুরবাজ বলেন, ‘আমার মনে হয় সকলেই জানে এই জয়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সকলেই চায় এই ধরনের দলকে হারাতে। ২০১৫ সালে আমরা স্কটল্যান্ডকে হারিয়েছিলাম। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো আফগানিস্তানের জন্য একটি বড় প্রাপ্তি।’
এসময় ভারতে নিজেদের দ্বিতীয় ঘর উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবসময় বলি ভারত আমাদের দ্বিতীয় ঘর। আমরা দর্শকদের ভালবাসি এবং তারা আমাদের অনেক ভালবাসা দেয়। এবং আমরা যেখানেই যাই, প্রতিটি শহরের মতো, তারা আমাদের জন্য আসে এবং আমাদের জন্য উল্লাস ও আমাদের সমর্থন করে। তাই আমরা সমস্ত ভিড়ের মধ্যে সত্যিই খুশি খুঁজে পাই এবং মাঠে আসা ভিড়কে সম্মান করি।’
