মালয়েশিয়া সুলতানের ‘দাতো’ উপাধি পেলেন বাংলাদেশের আলমগীর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৯:২৫

বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় শাসকদের সম্মানসূচক ‘দাতো’ উপাধি পেয়েছেন বাংলাদেশের সাতক্ষীরা কলারোয়ার মানিকনগরের মো. আলমগীর হোসেন।

সম্প্রতি মালয়েশিয়ার পাহাং রাজ্যের সুলতান আহমদ শাহ এই খেতাবে ভূষিত করেন তাকে। 

সমাজে অবদান, অসামান্য সাফল্য বা পরিষেবার স্বীকৃতিস্বরূপ এটি দেওয়া হয়। দেশটির রাজা কর্তৃক প্রদত্ত সমাজের সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত খেতাব এই ‘দাতো’।

মো. আলমগীর হোসেন ২০০৯ সাল থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুচং-এ পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ম্যান পাওয়ার জগতের সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত মুখ। তার ঢাকা ও কুয়ালালামপুরে নিজস্ব অফিস রয়েছে। 

আলমগীর হোসেন বলেন, পরিশ্রমের বিকল্প নেই। সততা ও নিষ্ঠার সাথে সঠিক পথে কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত আসা। মানুষের ভালোবাসা ও বিদেশগামী যাত্রীদের দোয়ায় এই সম্মাননা পেয়েছি। এজন্য আমি পাহাং রাজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশেষ করে শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মালয়েশিয়ার রাজা বা তাদের রাজ্যের সুলতান কর্তৃক সম্মানসূচক এই উপাধি দেওয়া হয়। এই উপাধি ব্রিটিশ ‘স্যার’র সমতুল্য এবং সর্বদা লিখিত বা মৌখিক কাজে ব্যবহার করা হয়। এই খেতাবপ্রাপ্তরা মালয়েশিয়ার যে কোনো কাজে ভিআইপি সুবিধা ভোগ করে থাকেন।

ইত্তেফাক/পিও