রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজা নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০:৪৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা ভাতিজা। বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানালাঘাট নুরু মণ্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নুরু মণ্ডল পাড়া গ্রামের মাছুম মোল্লার ছেলে মো. নুরু মোল্লা (৭০) ও মো. আনোয়ার মোল্লার ছেলে মো. শামীম মোল্লা(২৮)।
 
জানা যায়, নুরু মণ্ডল পাড়া এলাকায় মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়ে ছিল। নিহত নুরু মোল্লা ওই পানিতে গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। 

এদিকে তাকে উদ্ধার করতে এসে ভাতিজা শামীম মোল্লাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইত্তেফাক/পিও