প্রথম সাক্ষাতে ‘প্রথম’  জয়ের তালাশে শ্রীলঙ্কা

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:৩৮

বিশ্বকাপের ইতিহাসে অনেক মজার মজার তথ্যই আছে। তার মধ্যে একটি হয়তো এটিও। এর আগে চারটি বিশ্বকাপে খেলেছে নেদারল্যান্ডস—১৯৯৬, ২০০৩, ২০০৭ ও ২০১১ আসরে। কিন্তু সেই চার আসরে একবারও শ্রীলঙ্কার সঙ্গে নেদারল্যান্ডসের সাক্ষাত্ হয়নি। প্রতিবারই দুই দল পড়েছে আলাদা আলাদা গ্রুপে। নেদারল্যান্ডস যেহেতু চার বারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে; সুতরাং লঙ্কানদের সঙ্গে ডাচদের সাক্ষাত্ ঘটেনি। অবশেষে সেই খামতিটা দূর হচ্ছে আজ। বিশ্বকাপে প্রথম বারের মতো মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।

আজ দিনের দুই ম্যাচের মধ্যে এটা প্রথম ম্যাচ। লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বেলা ১১টায়। তো দুই দলের প্রথম বিশ্বকাপ সাক্ষাত্টা ১৯৯৬-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার জন্য অস্তিত্ব রক্ষার। সেমিফাইনালের স্বপ্নটা কাগজে-কলমে টিকিয়ে রাখতে হলেও আজ লঙ্কানদের জিততে হবে। আদায় করতে হবে প্রথম জয়।

এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে ৯ দলই অন্তত একবার হলেও জয়োত্সব করেছে। একমাত্র শ্রীরঙ্কাই এখনো জয় পায়নি। নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে তারা। এই তথ্যই বলছে, কতটা বিধ্বস্ত অবস্থায় আছে লঙ্কানরা। বিপরীতে ডাচরা আছে ফুরফুরে মেজাজে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে নিজেদের প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে বড় এককাণ্ড ঘটিয়ে ফেলেছে স্কট অ্যাডওয়ার্ডসের নেদারল্যান্ডস। গত ১৭ অক্টোবর ধর্মশালায় তারা উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে পেয়েছে আসরে প্রথম জয়ের দেখা। জয়ের সেই টাটকা স্মৃতি নিয়েই আজ বিধ্বস্ত শ্রীলঙ্কার ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, আজো আরেকটি হারের বেদনায় নীল হয়েই মাঠ ছাড়তে হবে লঙ্কানদের। নাকি সব হতাশাকে মাটি চাপা দিয়ে লঙ্কানরা মেতে উঠবে প্রথম জয়ের উত্সবে?

হতাশার মধ্যেও লঙ্কানরা অবশ্য আশান্বিত হতে পারছে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সাক্ষাতের পরিসংখ্যানের দিকে তাকিয়ে। বিশ্বকাপে আগে কখনো দেখা না হলেও ওয়ানডেতে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেই পাঁচ ম্যাচেই জিতেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সর্বশেষ জয় দুটি এ বছরই, জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে। জিম্বাবুয়ের এই বিম্বকাপ বাছাইয়ে চমক দেখিয়েই ভারত বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। তবে বাকি দলগুলোর বিপক্ষে দাপট দেখালেও শ্রীলঙ্কার বিপক্ষে দুই বারের সাক্ষাতেই হার মানতে হয়েছে ডাচদের।

৩০ জুন সুপার সিক্সে ২১ রানে জেতা শ্রীলঙ্কা ফাইনালে জিতেছিল ১৩৮ রানের বিশাল ব্যবধানে। ৯ জুলাইয়ের ফাইনালে শ্রীলঙ্কার ২৩৩ রানের জবাবে নেদারল্যান্ডস গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। সেদিন ডাচদের বিধ্বস্ত করতে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন শ্রীলঙ্কার দুই বোলার দিলশান মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা। পেসার মাদুশাঙ্কা নিয়েছিলেন ৩ উইকেট, অফস্পিনার থিকশানা নিয়েছিলেন ৪ উইকেট। দলকে প্রথম জয়ের স্বাদ দিতে আজকের দ্বৈরথেও নিশ্চয় বল হাতে জ্বলে উঠতে চাইবেন তারা।

ইত্তেফাক/এএম