ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪:৩৭

দেশের মতো প্রবাসেও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ফ্রান্সে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।

সন্ধ্যা নামতেই অস্থায়ী পূজামণ্ডপগুলো মুখরিত সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায়। এসব আয়োজনে হাজির হচ্ছেন ধর্ম বৰ্ণ নির্বিশেষে প্রবাসীরাও। ঢাকের তালে তালে নাচ আর নানা আনুষ্ঠানিকতায় আয়োজন করেন তারা। উলুধ্বনি আর প্রার্থনায় দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বী প্রবাসীরা। 

দেশ থেকে অনেক দূরে থাকলেও এই উৎসব দেশের অনেকটাই আমেজ মনে করিয়ে দেয় এমনটাই বলেছেন পূজায় অংশগ্রহণকারীরা।

ফ্রান্সে বসবাসকারী সাড়ে ৭/৮ হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা উদযাপন করেছেন। দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন, ধুপ দিয়ে পূজার আচার সম্পন্ন হয়।

পূজার সন্ধ্যায় প্রতিদিনই মণ্ডপগুলোতে ভক্তিমূলক গান ও আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদযাপনের মধ্য দিয়েই নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতার চর্চা করছেন তারা। একই সঙ্গে নিজের শেকড়কে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জানান দিচ্ছেন বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীরা। 

২০০৩ সালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে প্যারিসে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সর্ব প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবার প্যারিসে বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, সনাতনী গীতা সংঘসহ মোট ১৪টি অস্থায়ী পূজামণ্ডপে ৫ দিনব্যাপী পূজা উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের  সভাপতি সুশীল বণিক বলেন, ফ্রান্সের  প্রায় সাড়ে ১০ হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা উদযাপন করছেন। পাশাপাশি প্রবাসী বাঙালিরাও ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন এই উৎসবে মেতে উঠেছেন।

ইত্তেফাক/এআই