পাভেল হোসাইন ইমরান
আজ তাদের রিলেশনের ৬৯ দিন পূর্ণ হয়েছে। একটা রেস্টুরেন্টে বসে তা উদযাপন করে মাত্রই বের হলো তারা। বাসা পর্যন্ত বাকিটা পথ হেঁটেই যাওয়া যাবে। মৃদুল সেই সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে বলল, ‘রিয়া চলো না আজ আমরা দৌড়ে দৌড়ে বাসায় যাই।’
মৃদুলের কথা শুনে রিয়া হোঃ হোঃ করে হেসে উঠল। আর বলল, ‘এই তুমি এমন দুষ্টু কেন? কোনোদিন শুনেছ কেউ তার জিএফকে নিয়ে দৌড়ে বাসায় যায়?’
মৃদুল উত্তর দিতে যাবে ঠিক তখনই বাঁধা দিল এক ফকির। সে মৃদুলের সামনে হাত পেতে বলল, ‘আমার আল্লাহ নবীজির নাম দশটা টাকা দিয়া যান।’
‘চাচা ভাংতি নাই, মাফ করেন,’ এই বলে মৃদুল রিয়াকে নিয়ে সামনে হেঁটে চলে গেল। ঠিক তখনই পেছন থেকে ফকিরটা গেয়ে উঠল, ‘না দিলে দশ টাকা। তুই চান্দু খাবি ছ্যাঁকা।’
মৃদুল ভয় পেয়ে থমকে দাঁড়াল। রিয়ার হাত ছেড়ে পিছনে দৌড়ে এল। ফকিরটার থালায় দশ টাকা গুঁজে দিল। ফকির দশ টাকা নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে চলে গেল।
মৃদুল যখন রিয়ার কাছে ফিরে এল, রিয়া তখন কিঞ্চিত্ রাগান্বিত।
‘এই তুমি ভিক্ষাটা আগে না দিয়ে পরে দিলা কেন?’
‘না দিয়ে কী করব! দেখলা না কী অভিশাপ দিচ্ছিল।’
‘কী? আমার ওপর তোর ভরসা নাই। ফকিরের কথা বিশ্বাস করলি! যা শালা প্রেমই করব না তোর সাথে।’
‘ঠাসসস!’ শব্দ করে মৃদুলের গালে কসিয়ে একটা চড় বসিয়ে দিল রিয়া।
সরকারি তিতুমীর কলেজ।
