সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের ফুল গাছ কাটার ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৪

মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধক ফুলগাছ কাটার ঘটনায় ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তার নাইম ইসলাম (২৪) নগরীর কাশিয়াডাঙ্গা থানার হলদার পাড়ার নসিমুদ্দিনের ছেলে।

জানা যায়, গত বুধবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে অজ্ঞাতনামা ১০-১২ জন নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধন ফুলগাছ কেটে ফেলে এবং কিছু গাছ চুরি করে। খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে তাদের গাছ কাটতে নিষেধ করে। তখন আসামিরা তাদের বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। আসামিরা বিভিন্ন জাতের ফুলগাছ কেটে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করে। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন সহকারী সৈয়দ মাহমুদ-উল-ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়।

এদিকে থানায় মামলার পর আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আল মামুনের তত্ত্বাবধান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রাণী বর্মনের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, এসআই মো. ইমরান হোসেন ও তার টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। পুলিশ বুধবার রাতেই কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা মোড় থেকে আসামি মো. নাইম ইসলামকে গ্রেপ্তার করে।

অন্যদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নাইম ইসলাম ফুলগাছ কাটার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে থাকা বেশ কয়েক জনের নাম ঠিকানা পুলিশকে দিয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এছাড়া আসামি নাইম ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/পিও