মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের দাফন হবে সিরাজগঞ্জে 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২১:২১

সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের (৭২) শেষ জানাজা শুক্রবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। পূর্ব ইচ্ছানুযায়ী তাকে এখানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা সৈয়দ আবুল হোসেন। এ গ্রামে তার নিজেরও বাড়ি রয়েছে।

 সৈয়দ আবুল হোসেন। ছবি: সংগৃহীত

এদিকে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার মাদারীপুরের ডাসার এলাকায় তৃতীয় জানাজার পর এনায়েতপুরে হেলিকপ্টারযোগে তার লাশ আনা হবে।

এর আগে গত বুধবার ভোরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন মাদারীপুরের ডাসার উপজেলার বেতগ্রামে ১৯৫১ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, লেখকসহ নানা গুণের অধিকারী ছিলেন। 

হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দরবার শরীফ। ছবি: মারুফা মির্জা

এছাড়া তিনি মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসন থেকে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ও ২০০৯-২০১২ পর্যন্ত যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

ইত্তেফাক/পিও