‘বাংলাদেশই আমাদের ছন্দপতন ঘটিয়েছে’

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

বড্ড অসময়ে জ্বলে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ঘুমন্ত প্রোটিয়ারা জেগে উঠতে সময় নিয়ে ফেলেছে অনেক বেশি। গত শুক্রবার শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও তার আগেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তাদের। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে তারা।

এখন নিজেদের বাকি ম্যাচগুলোতে অন্য দলগুলোকে বিপাকে ফেলা এবং বিশ্বকাপে নিজেদের জাত প্রমাণ করে যাওয়াই প্রোটিয়াদের সান্ত্বনা হতে পারে। আর সেটিই করছে তারা। অবশ্য টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার রুগ্ণ হাল অবাক করেছে সবাইকে। বিপর্যস্ত বিশ্বকাপ মিশনের পেছনে বাংলাদেশের বিপক্ষে হারের ভূমিকাই বেশি বলে মনে করছেন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার মতে, বাংলাদেশই তাদের ছন্দপতন ঘটিয়েছে। বাংলাদেশের দেওয়া ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি তার দল।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ডু প্লেসিস বলেছেন, ‘বাংলাদেশই আমাদের ছন্দপতন ঘটিয়েছে। ঐ দিনে (উদ্বোধনী ম্যাচ) ইংল্যান্ড আমাদের চেয়ে অনেক ভালো দল ছিল। বাংলাদেশ সত্যিই আমাদের বড়ো ধাক্কাটা দিয়েছে। সেটা নিয়েই আমরা পরের ম্যাচে গিয়েছি। প্রথম সপ্তাহ আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কিন্তু আমরা এটাকে অজুহাত বলতে পারি না।’

আট ম্যাচে দুটি জয়, পাঁচটি হারে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন পাঁচ। আগামী ৬ জুলাই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা।

তবে প্রতিবারের মতোই এবারও বিশ্বকাপে বড়ো দলের কাতারেই ছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে দলটি। পরের ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয় ডু প্লেসিস বাহিনী। ২১ রানে জয় পায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ভারতও ছয় উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। টানা তিন ম্যাচ হেরে কার্যত খাদের কিনারে পড়ে যায় প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। পঞ্চম ম্যাচে আফগানদের হারিয়ে প্রথম জয়ের দেখা পায় দলটি। তারপর নিউজিল্যান্ড, পাকিস্তানের কাছে টানা দুটি হারে সেমির লড়াই থেকে বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়টা তাই তাদের জন্য সান্ত্বনার খোরাকই বটে।

ডারহামের চেস্টার লি স্ট্রিটে শুক্রবার শ্রীলঙ্কাকে ২০৩ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। পরে অধিনায়ক ডু প্লেসিস ও হাশিম আমলার হাফ সেঞ্চুরিতে ৩৭.২ ওভারে ১ উইকেটে ২০৬ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা।

লঙ্কানদের বিপক্ষে পাওয়া জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন ডু প্লেসিস। শুক্রবার তিনি বলেছেন, ‘ভালো ম্যাচ ছিল। আমরা নিজেদের প্রতিভার সঠিক ব্যবহার করতে পেরেছি। বোলিংয়ের পারফরম্যান্সটাই ভিত গড়ে দিয়েছিল। ডুয়ানে (প্রিটোরিয়াস) ছিল অসাধারণ। ভারসাম্যের জন্য আমরা তাকে একাদশে নিতে চেষ্টা করছিলাম। উইকেটের ধরন দেখে বুঝেছি এখানে নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করতে হবে, তাই আমি ডুয়ানে (প্রিটোরিয়াস) ও আন্দেলকে (ফেলুকওয়ায়ো) শুরুতেই বোলিংয়ে এনেছিলাম। উইকেটের যে গতি ছিল, তাতে সঠিক লাইন-লেন্থে বোলিং করলে এখানে খেলা কঠিন।’

সেমির স্বপ্ন বেঁচে নেই বলে এ জয় আর বড়ো হয়ে ধরা দিচ্ছে না প্রোটিয়া ক্রিকেটারদের মাঝে। এসব জয় কিছুটা স্বস্তি হয়ত ঠিকই দিচ্ছে তাদের। অবশ্য ডু প্লেসিস-আমলারাও জানেন, এখন বড্ড দেরি হয়ে গেছে।