যশোরে লাঠিসোঁটা বাঁশ-কাঠ হাতে আওয়ামী লীগের শোডাউন 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯:৫৫

যশোর শহরে লাঠিসোটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী ও যুবলীগের নেতা-কর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মীরা এই মহড়া দেন। 

মিছিলে থাকা অনেকের হাতে লাঠিসোটা, বাঁশ কিংবা লাঠি ছিল। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। বেলা সাড়ে ১২টার দিকে শহরের গড়িখানার জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়ার কারণে জনসাধারণের মাঝে ভেতর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শহরে রাজপথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতো বিএনপি কর্মসূচি না দেওয়ায় বিশৃঙ্খল কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। 

শনিবার সকাল থেকে ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে প্রতিরোধ, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত। 

মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়। সন্ধ্যায় শহরের ভৈরব চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে রাস্তায় জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই। 

ইত্তেফাক/পিও