নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা ১৬ দিনে ৫৪৩টি মামলায় ৫৭৪ জেলেকে কারাদণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:০০

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযানে বিগত ১৬ দিনে এখন পর্যন্ত ৫৪৩টি মামলায় ৫৭৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। পাশাপাশি ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৮৮৫টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৭৩৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেল ১৬ দিনে বরিশাল বিভাগের ২২৭ বার বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্র, ৩ হাজার ১৪৮ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ৩৭৬ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ৪৪৫ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর এ সময়ের অভিযানে ১১ হাজার ৮৪৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৩ লাখ ৬১ হাজার টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমএএম