নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাবকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির নেতা দেওয়ান শাহীন জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে স্টেশন বাজারে হরতাল পালনে তার নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম আফতাব দাঁড়িয়েছিলেন। এ সময় ২০-২৫টি মোটরসাইকেলে যোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিনটি গুলি বর্ষণ করে। এর মধ্যে দুটি গুলি আফতাবের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি শুনেছি। তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হয়েছে বলে জেনেছি।’
