জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জাতীয় রাজনীতিতে বৃহৎ দু'টি দলের কর্মকান্ডে সংঘাত ও সহিংসতার যে গভীর শঙ্কা তৈরি হয়েছে, তা পরিহার এবং সে পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশে সংঘাত, রক্তপাত,হিংসা হানাহানির রাজনীতি চান না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বৃহৎ দু'টি দলকে সহনশীল ও ধৈর্য্যশীল হওয়ার তাগিদ দিচ্ছেন মোস্তফা আমীর ফয়সল।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সাভারের সিরামিকস এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঢাকা -১৯ আসনে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
এর আগে কমিউনিটি সেন্টার ও সংলগ্ন এলাকা উপচে পড়া জনাকীর্ণ কাউন্সিলে উৎসুক জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতা,নেত্রীবৃন্দ স্বঃতস্ফূর্ত ভোটদানের মাধ্যমে এ আসনে জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাই করেন।
জাকের পার্টির মহাসচিব বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ,নিরস্ত্র মুসলমানদের অবরুদ্ধ করে নির্মম,নিষ্ঠুরতম কায়দায় হত্যা করা হচ্ছে। কিন্তু এর প্রতিকার নেই। তাদের দেখার কেউ নেই। এমতাবস্থায় বিশ্ব নেতাদের জরুরী ভিত্তিতে এগিয়ে আসতে হবে এবং মুসলিম গনহত্যা বন্ধ করতে হবে।
কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, রশিদ হাওলাদার, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, দেলোয়ার হোসেন ও বিপ্লব বনিক প্রমুখ।
