লোহাগাড়ায় সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৪৭

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মাদ্রাসা সড়কের পূর্ব দিকে ফরিয়াদিরকুলের তিন রাস্তার মাথার চেইল্লাতলীর সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয়রা নবজাতককে উদ্ধার করে।

স্থানীয় সংবাদকর্মী এরশাদ আলম জানান, রাতে ঐ সড়ক দিয়ে এক পথচারী যাওয়ার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দেরকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

পদুয়া বশির মো. সিকদার পাড়ার আমিন শরীফ নামের এক পথচারী শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। শিশুটিকে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। শিশুটি সুস্থ আছে বলে চিকিত্সক জানান। রাতের আঁধারে কে বা কারা সদ্যভূমিষ্ঠ এই কন্যা শিশুটিকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।