বাঘায় বিএনপির অবরোধে মাঠে ছিলো ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২১:৫৭

রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ পালিত হয়নি। উপজেলার প্রধান প্রধান সড়ক দখল করে ছিলো ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। ফলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে প্রতিদিনের মতো। এ ছাড়াও সরকারি অফিস,ব্যাংক,বীমা,শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার যথা নিয়মে চলছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে সরকার পতনে চলমান এক দফা আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করেছে বিএনপি-জামায়াত। 

নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের লাগাতর কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে, তিন দিনের অবরোধ ঘোষণা করেছেন তারা। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কোন রাস্তায় দেখা মেলেনি জামাত-বিএনপির। 

অনেকের ধারণা, জেলা বিএনপি ও উপজেলা জামায়াত ইসলামীর সিনিয়র নেতা-কর্মীরা গত শনিবার ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়ে নিজ-নিজ এলাকায় ফিরতে না-পারার কারণে তারা অবরোধ পালন করতে পারছে না।  

তবে ক্ষমতাসীন দল বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ দলের সিনিয়র নেতারা দাবি করেছেন, বাঘায় হরতাল পালন হবে না। দূরপাল্লা ঢাকাগামী বাস বন্ধ থাকলেও জেলার সঙ্গে সকল যানবহন চলাচল স্বাভাবিক থাকবে। এ জন্য গুরুত্বপূর্ণ এলাকায় তারা অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে রাস্তায় রেখেছেন তাদের সহযোগী সংগঠন উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে। 

সরেজমিন দেখা গেছে, মঙ্গলবার উপজেলার বিভিন্ন রাস্তায় বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সেহানুর রহমান সোহাগ, মো. মহিন, তানজীম হাসান স্বদেশ, রাব্বী, নিউটন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও শিমুল হোসেনে নেতৃত্বে প্রায় শতাধিক মোটর সাইকেল অবরোধের বিপক্ষে যান চালকদের সাহস যুগিয়েছেন।

বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, অবরোধকে কেন্দ্র করে যানমাল রক্ষার্থে বাঘার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় অবরোধের কোনো প্রভাব নেই।

ইত্তেফাক/পিও