সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:৩০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বুধবার (১ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি গত ২৬ অক্টোবর সকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে গিয়েছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের প্রথম দিন ২৭ অক্টোবর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে ব্রিফিং করা হয়। এ সময় তিনি তাদের দিকনির্দেশনা দেন। পরে সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেসের প্রধান জেনারেল জেফিরিন মামাদোর (General Zephirin Mamadou) সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান পৃথকভাবে ভারপ্রাপ্ত স্পেশাল রিপরেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ এজি অয়োয়া (Mohammad Ag Ayoya) এবং ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন।

ছবি: আইএসপিআর

সফরের দ্বিতীয় ও তৃতীয় দিনে সেনাবাহিনী প্রধান বোয়ার ও বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ এবং মেডিক্যাল কন্টিনজেন্টের স্থানীয় জনসাধারণের জন্য পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন। কন্টিনজেন্টসমূহ পরিদর্শনকালে কন্টিনজেন্টের চৌকস সেনাদল সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় কন্টিনজেন্ট কমান্ডাররা সেনাবাহিনী প্রধানকে চলমান আভিযানিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করলে তিনি তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

সফরের চতুর্থ এবং শেষ দিন গত ৩০ অক্টোবর সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডিরেক্টর মিশন সাপোর্ট মি. সোরি আই কে সাঙ্গের (Director Mission Support Mr. Sory I.K. Sangare) সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যায়।

ইত্তেফাক/এমএএম