প্রতি ম্যাচ শেষেই পাকিস্তানি টিভি চ্যানেল 'এ স্পোর্টসের' বিশ্বকাপ আয়োজন 'প্যাভিলিয়নে' বিশ্লেষণ করেন কয়েকজন পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা। সেখানে বাংলাদেশের দলের পারফরম্যান্স নিয়ে খোঁচা দিয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, সাকিব আল হাসানদের ঢাকায় ফেরার তাড়া ছিল।
ওয়াসিম আকরাম যেমনটা বলছিলেন, 'আমার মনে হয় বাংলাদেশ দলের ঢাকায় ফেরার অনেক বেশি তাড়া। তাদের ব্যাটিং গড়পড়তা মানেরও নিচে ছিল। শুধু মাহমুদউল্লাহই অর্ধশতক পেয়েছে। শুকরিয়া যে ওরা মাহমুদউল্লাহকে ৭ নম্বরের জায়গায় ৫ নম্বরে পাঠিয়েছে। অভিজ্ঞ লিটন দাস ৪৫ রান করে বাজে শট খেলে আউট হয়ে গেছে। তানজিদ হাসানের পারফর্ম করা উচিত ছিল। একটি ম্যাচে সে ভালো খেলেছে, বাকি সময় সংগ্রাম করেছে।’
শান্তকে নিয়ে আকরাম বলেন, 'বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশ করা ব্যাটসম্যানটি হচ্ছে শান্ত (নাজমুল হোসেন)। বিশ্বকাপের আগে সে ভালো করছিল। সম্ভবত চাপের কারণেই সে বিশ্বকাপে পারেনি। তাওহিদ ২৫ রান করেছে, কিন্তু সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫০ ওভারের ম্যাচে এই উইকেটে ২০৪ রান মোটেই যথেষ্ট নয়।’
