ভারতে চলমান বিশ্বকাপটা দারুণ শুরু করলেও সেই ছন্দটা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। টানা হ্যাটট্রিকে কিছুটা বিপাকেই রয়েছে কিউইরা। এর সঙ্গে তাদের স্কোয়াডে ইনজুরির চোখ রাঙানি তো রয়েছেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন ফাস্ট বোলার ম্যাট হেনরি। হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে এই পেসারের। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগেই কিউই এই পেসারের চোটের দুঃসংবাদ পেল তারা।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‘ম্যাট দীর্ঘদিন ধরে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ, এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চোট পাওয়া সেটা আমাদের জন্য মোটেও ভালো কিছু না। গত কয়েক বছর ধরে ও আইসিসির শীর্ষ ১০ বোলারের মধ্যে জায়গা করে নিয়েছে। যা তার ক্লাস এবং দক্ষতার প্রমাণ দেয়। ম্যাট একজন দুর্দান্ত টিম ম্যানও। আমরা সবাই ওর ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতাকে মিস করব।’
নিজেদের সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ের সময় হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বল করে মাঠ ছেড়ে যান এই পেসার। এরপর খেলার বাকি অংশে তাকে আর মাঠে ফেরানো হয়নি। পরে তার এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে গ্রেড-২-এর ইনজুরি হয়েছে, যা সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। তাতে তার এখানেই সমাপ্ত হচ্ছে এবারের বিশ্বকাপযাত্রা। তার জায়গায় দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন। এর আগে কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম বিভিন্নভাবে চোট পেয়েছেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে কিউইরা। সাত ম্যাচে একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেনরি। আসরে এখন পর্যন্ত ১১টি উইকেট শিকার করেছেন। হ্যাটট্রিক হারের পর এমনিতেই চাপে নিউজিল্যান্ড। এর ওপর দলের এমন চোট-প্রবণতা বেশ ভাবাচ্ছে ব্ল্যাকক্যাপসদের।
