দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের প্রাক্কালে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
এদিন রাজধানীর মতিঝিলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৫ হাজার নেতাকর্মী নিয়ে হাজির হন পাটমন্ত্রী।
উন্নয়ন-অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হলে আমাদের আবারও স্বাধীনতার সপক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আর সেই উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি বড় নিদর্শন হলো মেট্রোরেল। আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের মাধ্যমে আমাদের আরেকটি স্বপ্নের পূর্ণতা পেল।’
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে শেখ হাসিনার শান্তির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীসহ ৩৫ হাজার লোক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নে বিশ্বাস করি। আর এদেশের জনগণও আগামী দিনে উন্নয়নের পক্ষেই রায় দেবেন।’
