বিএনপি নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব, ফাঁকা গুলি করে আত্মরক্ষা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২১:৩০

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছে র‌্যাব-১৫’র সদস্যরা। এ হামলায় র‌্যাব ও স্থানীয় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

রোববার (৫ নভেম্বর) রাত ১০টায় উখিয়া জালিপালং পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে, র‌্যাব অভিযানের কথা স্বীকার না করলেও টহলে তারা হামলার শিকার করেছে। কিন্তু, কোনো পক্ষই আহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

এ বিষয়ে র‌্যাব ১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, রোববার রাত ১০টার দিকে র‌্যাব ১৫'র একটি টহল টিম নাশকতা ঠেকাতে রাস্তায় টহল দিচ্ছিল। নিয়মিত টহলের অংশ হিসেবে র‍্যাবের একটি গাড়ি বিএনপির নেতা সুলতান মাহমুদের বাড়ির পার্শ্ববতী রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় একটি নাশকতা মামলার প্রধান আসামী ও বিএনপি নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে র‌্যাবের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ এবং পরে ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এতে কয়েকজন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে।

তবে, অভিযুক্ত বিএনপি নেতা সোলতান মাহমুদ চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নাশকতা মামলার প্রধান আসামি বিএনপি নেতা সুলতান মাহমুদকে ধরতে অভিযানে যায় র‌্যাব। এলাকায় র‌্যাবের দল ডুকছে শুনে সুলতান তার দলীয় নেতাকর্মীসহ গ্রামবাসীকে দিয়ে র‌্যাবকে অবরুদ্ধ করে হামলা চালায়। র‌্যাব আত্নরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়েছে বলে শুনেছি। তবে এখনো (সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) এজাহার পাইনি।

ইত্তেফাক/পিও