আশুলিয়ায় শ্রমিকদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ  

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০:৩১

পোশাক শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন ঢাকার আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ও দুপুর আড়াইটার পর দুই দফায় বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়ার নরসিংহপুর এলাকার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় শ্রমিকদের। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

আশুলিয়ার জামগড়া এলাকার পোশাকশ্রমিক সাগর বলেন, তাদের চাহিদামতো বেতন বাড়াতে হবে। তা না হলে তারা কাজ করবেন না।  

ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। কিছু কিছু কারখানা ছুটি দেওয়া হলে শ্রমিকেরা বের হয়ে যান। কিছু শ্রমিক সড়কে জড়ো হতে চাইলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে সরকার, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এদিন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করেন। 

ইত্তেফাক/এবি