পদ্মা নদী থেকে অবৈভাবে বালু উত্তোলন করায় ১৭টি ড্রেজার জব্দ, আটক ১১

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২১:৩৮

মাদারীপুরের শিবচরে পদ্ম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বুধবার (৮ নভেম্বর) ভোর রাত থেকে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৭টি ড্রেজার জব্দসহ ১১ জনকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন, বরগুনার আমতলী এলাকার জসিম হাওলাদার(৩৭), পটুয়াখালীর গলাচিপা এলাকার শামিম (১৯), কলাপাড়া এলাকার শহিদুল গাজী(৫০), পাবনার রতন শেখ(৩৭), শেরপুরের নুরুল ইসলাম মন্ডল(৪০), মো. মজিদ (৩৮), বরিশালের রিয়াজ, লক্ষ্মীপুরের নুরে আলম(২৩), যশোরের আল আমিন (২৭), শরিয়তপুরের আনোয়ার হোসেন(৪০)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে শিবচর থানায় একটি মামলা হ‌য়ে‌ছে।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, রাতের আঁধারে পদ্মা নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল ভোর রাত থেকে নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। অভিযানে ১৭টি ড্রেজার জব্দসহ ১১ জনকে আটক করা হয়। তা‌দের বিরু‌দ্ধে শিবচর থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে।

অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার।

ইত্তেফাক/পিও