আমাদের কোথায় উন্নতি করতে হবে দেখব: শান্ত

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৪০

হতাশার একটি বিশ্বকাপ আসর কাটাল বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগেও হয়তো কেউ কল্পনা করতে পারেনি যে, নিজেদের সপ্তম বিশ্বকাপে এভাবে হতাশ হয়ে ফিরে আসতে হবে। টুর্নামেন্টটির প্রথম পর্বের ৯টি ম্যাচের মধ্যে কেবল জিতেছে দুটিতে বিপরীতে হেরেছে ৭টি ম্যাচে।

আসরের সবশেষ ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ব্যাটিং করলেও বোলিংয়ে সেইভাবে লড়াই করতে পারেনি টাইগাররা। এই ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে থাকার কারণে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে আসরে স্বাগতিক ভারতের বিপক্ষেও দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

শনিবার অজিদের বিপক্ষে হারের পর বিশ্বকাপে নিজেদের ব্যর্থতার কারণ খুঁজে উন্নতি করার কথা জানিয়েছেন শান্ত। এ প্রসঙ্গে গতকাল ম্যাচ শেষে টিভি ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘(আজ কে কোথায় ভুল হয়েছে) আমি মনে করি দুটি রান আউট আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেভাবে শুরু করেছিলাম তা ভালো ছিল, কিন্তু দুই রান আউটের পর আমরা গতি হারিয়ে ফেলেছিলাম। আমরা যদি ৩৪০-৩৫০ রান করতে পারতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। আমরা মাঝের ওভারগুলোতে (বিশেষ করে স্পিনারদের) ভালো বোলিং করতে পারিনি। ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে। মাঝের ওভারে আমাদের উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমরা দল হিসেবে আমাদের সেরাটা খেলতে পারিনি, ব্যাটিং ও বোলিং দুটোতেই। আমরা দেখতে চাই, আমরা এগিয়ে যাওয়ার জন্য আরো ভালো কী করতে পারি। বিশ্বকাপে মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করেছেন। সাকিব বেশ কয়েকটি ম্যাচে দারুণ বোলিং করেছেন। এটা ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয় নয়। আমরা ৯টি ম্যাচের দিকে ফিরে তাকাব এবং দেখব দল হিসেবে আমাদের কোথায় উন্নতি করতে হবে।’

ইত্তেফাক/এএম