বিশ্বকাপে বিব্রতকর রেকর্ড রউফের

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:২৭

ভারতে চলমান বিশ্বকাপে বিব্রতকর এক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন পাকিস্তানের গতি তারকা হারিস রউফ। টুর্নামেন্টটিতে এক আসরে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার এখন পাকিস্তানের এই পেসার।

গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রউফ। সব মিলিয়ে এখন পর্যন্ত আসরে ৯ ইনিংসে তিনি রান দিয়েছেন ৫৩৩।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এতদিন ছিল ইংল্যান্ডের স্পিন বোলার আদিল রশিদের। ২০১৯ সালে ঘরের মাঠের আসরে ১১ ইনিংসে ৫২৬ রান দিয়েছিলেন ইংলিশ লেগ স্পিনার। এছাড়া চলতি আসরে ৯ ইনিংসে ৫২৫ রান দিয়ে তালিকার তিন নম্বরে আছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা। তবে এক আসরে পাঁচশ রান দেওয়ার নজির আছে আর মাত্র একজনের। ২০১৯ আসরে ১০ ইনিংসে ৫০২ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

এদিকে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেও চলতি বিশ্বকাপে ডেথ ওভারে সবচেয়ে সফল বোলার হিসেবেও রয়েছেন এই হারিস রউফই। এখন পর্যন্ত ৪০-৫০ ওভারের মধ্যে বল হাতে ১০ টি উইকেট শিকার করেছেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ। ৭টি উইকেট তার দখলে আছে। এছাড়া একই সংখ্যক উইকেট পেয়েছেন আরও দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদিও।

ইত্তেফাক/এএম