ধোবাউড়া উপজেলা চেয়ারম্যানের গাড়িতে হামলা

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৫:৫০

ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিমের সরকারি গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে গাড়িতে উপজেলা চেয়ারম্যান না থাকায় তিনি সুস্থ আছেন। 

জানা যায়, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানাকে তার বাড়িতে রেখে গাড়ি নিয়ে চালক আজিজুল হক ফেরার পথে কোডের দীঘির পাড়ে পৌঁছানো মাত্রই গাড়ির পিছনে বিকট শব্দ হয়। গাড়ি চালক আজিজুল জানান, শব্দ শুনে মনে করেছিলাম গাড়ির টায়ার ফেটে গিয়েছে। কিন্তু গাড়ি থেকে নেমে দেখতে পাই চাকা ফাটেনি, পিছনের গ্লাসে একটি ছিদ্র। ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে আমি উপজেলা চেয়ারম্যানকে জানিয়ে গাড়ি নিয়ে উনার বাড়িতে চলে যাই। 

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান, রাত আনুমানিক ১২টার পর উপজেলা পরিষদ থেকে গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছাই। আমাকে বাড়িতে রেখে চালক আজিজুল ফেরত যাওয়ার পথে বাড়ির অদূরে কোর্টের দীঘির পাড় পৌঁছানো মাত্র গাড়ির পিছনে শব্দ শুনতে পায়। এ সময় চালক নেমে দেখে গাড়ির পিছনের গ্লাসে ছিদ্র। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি পরিদর্শন করে। এ সময় পিছনের গ্লাসে একটি ছিদ্র দেখতে পাই, ছিদ্রটি গুলির ছিদ্র হতে পারে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। 

আরও পড়ুন:  রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা বলেন, 'গাড়িটিতে আঘাত করা হয়েছে এটা সঠিক। তবে গুলির আঘাত কিনা তা যাচাই-বাচাই ছাড়া বলা যাচ্ছে না। স্থানীয়ভাবে তদন্ত চলছে এবং পুলিশের বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে। তারা এসে যাচাই বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে এটি গুলির ছিদ্র কিনা।'

ইত্তেফাক/জেডএইচডি