আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:২৫

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তবে ডাউনলাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আজ রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনের ওই বগি লাইনচ্যুত হওয়ার কারণে আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ছবি: ফোকাস বাংলা

স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে ৩ নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।’

ছবি: ফোকাস বাংলা

তিনি আরও বলেন, ‘লাইনচ্যুত হওয়ার কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’

ছবি: ফোকাস বাংলা

দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে। আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও ডাউনলাইন দিয়ে আপলাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আপলাইনের ট্রেনগুলো সাময়িক সময়ের জন্য পাঘাচং থেকে তাল শহর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার ডাউনলাইন ব্যবহার করছে।

ইত্তেফাক/এইচএ