বিশ্বকাপ ফাইনাল চলাকালেই দুঃসংবাদ পেলেন শামি 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৪৯

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম মাঠে নেমেছে এই দু'দল। আর ফাইনাল ম্যাচ চলাকালেই দুঃসংবাদ পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মাদ শামি। 

ভারতীয় গণমাধ্যমের হিন্দুস্তান টাইমসের সূত্রে খবর, 'শামির মা আঞ্জুম আরার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে উত্তরপ্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে সে বিষয়ে এখনই কোনও তথ্য জানা যায়নি।' 

অবশ্য ম্যাচের আগেও বেশ সুস্থ ছিলেন আঞ্জুম আরা। তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে, সকালে শামির মা তার ছেলে এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। শামির মা আঞ্জুম আরা জানান, আজ সকালেই শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আইবিসি 24-এর একটি প্রতিবেদন অনুসারে আঞ্জুম আরার রবিবার সকালে জ্বর হয়েছিল। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তারা জানিয়েছে, শামির মা এই মুহূর্তে শঙ্কামুক্ত।

ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে, আঞ্জুম আরার একটি ভিডিও শেয়ার হয়েছিল। সেখানে ছেলে মোহাম্মদ শামি এবং টিম ইন্ডিয়াকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আঞ্জুম আরা তার সংক্ষিপ্ত বার্তায় বলেন, 'আমি চাই তারা বিশ্বকাপ জিতুক এবং দেশে আনন্দ এনে দিক।' 

ইত্তেফাক/ওএফ/জেডএইচ