বগুড়ায় চলন্ত ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২২:০৫

বগুড়ার নন্দীগ্রামে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নন্দীগ্রাম থেকে একটি খালি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ইউসুবপুর এলাকায় পৌঁছালে ৬-৭ জন যুবক গতিরোধ করে এতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপার আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। 

এছাড়াও রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। তাছাড়া বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/পিও