এবারের বিশ্বকাপে প্রথম বার অলআউট ভারত

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৫৫

ঘরের মাটিতে বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে আসরের শুরু থেকে ছুটে বেড়াচ্ছিল স্বাগতিক ভারত। এবারের আসরে কোনো প্রতিপক্ষই তাদের কোনো রকম চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। এতে করে প্রথম পর্বের ৯ ম্যাচ ও সেমিফাইনালসহ কোনো ম্যাচে না হেরেই আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন রোহিত-কোহলিরা। এ সময় কোনো ম্যাচেই তাদের ইনিংসে সব উইকেট হারাতে দেখা যায়নি। তবে গতকাল আসরের ফাইনালে এসে প্রথম বারের মতো অলআউটের শিকার হন স্বাগতিকরা। অজি তিন পেসার স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সদের অগ্নিঝরা বোলিংয়ে দারুণ শুরুর পরও অলআউট হয়ে যায় ভারত।

রবিবার ১৩তম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ভারত। এই ম্যাচে টস হারে আগে ব্যাট করতে নামেন স্বাগতিকরা। এ দিন আগে ব্যাট হাতে দারুণ শুরু করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩১ বল খেলে ৪টি চার এবং ৩টি ছক্কায় করেন ৪৭ রান। তবে আরেক ওপেনার শুভমান গিল মাত্র ৪ রান করে ফেরেন। 

এছাড়া এই ম্যাচে নজর যার দিকে ছিল সেই বিরাট কোহলিও ৬৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ইন-সাইডেজে বোল্ড হয়ে ফেরেন। চতুর্থ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। গত দুই ম্যাচে সেঞ্চুরি করলেও মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। তবে তার বিদায়ের পর বিরাট কোহলি লোকেশ রাহুল সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন। এর মধ্যে তিনি তুলে নেন হাফ সেঞ্চুরি।

তবে দলীয় ১৪৮ রানে অজি অধিনায়ক প্যাট কামিন্সের শর্ট বল কাট করতে গিয়ে কোহলির ব্যাটে লেগে স্টাম্পে যায়। অবিশ্বাসের চোখ নিয়ে ক্রিজে কিছুক্ষণ ঠাঁয় দাঁড়িয়েছিলেন তিনি। এই বিশ্বকাপের ১১ ম্যাচে ৯৫.৬২ গড় ও ৯০.৩১ স্ট্রাইক রেটে ৭৬৫ রান করেছেন। রোহিত শর্মা ৫৯৫ রান করে আছেন দুইয়ে। কোহলির সঙ্গে ৬৭ রানের জুটি ভাঙার পরও রাহুল ‘এংকরিংটা’ ঠিকঠাকই করে যাচ্ছিলেন। 

কিন্তু স্টার্কের দুর্দান্ত এক বলে আর টিকতে পারেননি তিনি। ১০৭ বল খেলে স্রেফ একটি বাউন্ডারি হাঁকানো রাহুল করেন ৬৬ রান। তার বিদায়ের পর সব আশাই ছিল সূর্য কুমার যাদবকে ঘিরে। কিন্তু তাকে স্লো বল করে বিপাকে ফেলে দেয় অস্ট্রেলিয়া। আলো না ছড়িয়েই সাজঘরে ফেরত যান সূর্য। ২৮ বলে ১৮ রান করে হ্যাজেলউডের শিকার হন তিনি। এরপর শেষ উইকেট জুটিতে যোগ হয় আরও ১৪ রান। ১৮ বলে ১০ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন কুলদিপ যাদব।

                                                                                                                                     

আর তাতেই ২৪০ রান অলআউট হন স্বাগতিক ভারত। চলতি বিশ্বকাপ আসরে প্রথম বারের মতো অলআউটের শিকার হয় স্বাগতিক ভারত। বল হাতে অস্ট্রেলিয়ার স্টার্ক ৩টি এবং হ্যাজেলউড ও কামিন্স ২টি করে উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ম্যাক্সওয়েল ও জাম্পার ঝুলিতে গেছে ১টি করে উইকেট।

রোহিত-কোহলিদের যেমন আউট করতে প্রতিপক্ষের বোলাদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। সেই সঙ্গে ভারতীয় বোলাদের বল খেলাও ছিল প্রতিপক্ষের ব্যাটারদের জন্য ছিল বেশ কঠিন পরীক্ষার মতোই। সেই সঙ্গে রোহিত-কোহলিরা মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়েন কিংবা কারো রেকর্ড ভাঙেন। পুরো বিশ্বকাপ জুড়েই চলে ভারতীয়দের রেকর্ড ভাঙা-গড়ার খেলা।

 

চলতি আসরে প্রথম পর্ব এবং সেমিফাইনাল-ফাইনাল মিলিয়ে ১১ ম্যাচ খেলে ভারত। প্রথম পর্ব এবং সেমিফাইনাল মিলিয়ে মোট ১০টি ম্যাচ খেলে স্বাগতিকরা। সেই সব ম্যাচে স্বাগতিকদের জয় ছিল শতভাগ। সেই সঙ্গে সেই ম্যাচগুলোতে প্রতিপক্ষের বোলাররা এক ম্যাচেও ভারতীয়দের অলআউট করতে পারেননি। যা ক্রিকেট ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে থাকবে। তবে বিশ্বকাপের শেষ ম্যাচ অর্থাৎ গতকাল ভারতের সামনে ছিল অজিদের বিপক্ষে ২০ বছর আগের এক বদলা নেওয়ার সুযোগ। ২০০৩ সালের পর এই প্রথম বার অর্থাৎ আবার গতকাল বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে দলের ব্যর্থতায় তা ফসকে যায় স্বাগতিকদের হাত থেকে।

ইত্তেফাক/জেডএইচ