বেনাপোলে গত দুই দিনে পোর্ট থানা এলাকা থেকে ৩৭টি ককটেল বোমা জব্দ করেছে পুলিশ ও যশোর র্যাব-৬। মঙ্গলবার ভোর রাতে পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল বোমা জব্দ করে যশোর র্যাব-৬।
বোমাগুলো একটি বালতিভর্তি ছিল। র্যাব-৬, যশোর এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, ককটেল বোমাগুলো জব্দ তালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। ককটেল বোমা মজুতকারীদের শনাক্ত ও গ্রেফতারে র্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে।
অন্যদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ গত রবিবার বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল বোমা জব্দ করেছে। এ সময় কোনো আসামিকে আটক করা যায়নি। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ককটেল মজুতকারীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
