বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গত মঙ্গলবারই ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। এর পরদিনই সিলেটের উদ্দেশে রওনা দেয় তারা। কারণ সিরিজের প্রথম ম্যাচ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সেখানেই।
ম্যাচের আগে বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করেছে ব্ল্যাক ক্যাপসরা। আর প্রথম দিনের অনুশীলন শেষেই জানাল তাদের প্রত্যাশার চাইতে বেশি ঘাস দেখেছে উইকেটে।
গতকাল অনুশীলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস। এ সময় তিনি জানান, প্রথম টেস্টের উইকেটে প্রত্যাশার চেয়ে বেশি সবুজ উইকেট পেয়েছেন তারা। বলেন, ‘বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার এলাম, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানে শেষ বার যেমন ছিল, অনেকটা এরকমই। আমরা যেমন ভেবে এসেছিলাম, উইকেট তার চেয়ে বেশি সবুজ (ঘাস আছে)। কিন্তু ম্যাচ শুরু হতে আরো চার দিন বাকি আছে। অনেক কিছুই বদলে যেতে পারে। আমরা সবকিছু মিলিয়ে প্রস্তুত প্রথম ম্যাচের জন্য।’
সবকিছু মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত ফিলিপসরা। কারণ এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বের যাত্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ রোমাঞ্চকর। প্রতিবার ফ্রেশ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করা দারুণ একটা ব্যাপার। আমি আশা করি ছেলেরা মাঠে গিয়ে প্রক্রিয়া মেনে চলবে, সময়টা উপভোগ করবে। যত বেশি সম্ভব ম্যাচ জিতবে। দেশের বাইরে সেটা জিততে পারা গুরুত্বপূর্ণ, যেন মোমেন্টামটা দেশে নিয়ে যেতে পারি।’
তবে এই সিরিজে নিজেকে দলের বিশেষ ভূমিকায় দেখছেন ফিলিপস। তার মতে, তিনি টাইগারদের বিপক্ষে বল হাতে চাপ তৈরি করে সক্ষম হবেন। এ বিষয়ে ফিলিপস বলেন, ‘দলে এখন আমি একমাত্র অফ স্পিনার। তাই এখানে অন্য ছেলেরা যেভাবে বল ঘোরাবে, আমি এর চেয়েও ভিন্ন কিছু করতে পারব। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েক জন বাঁ-হাতি ব্যাটার আছে, আমি যদি এখানে আসি, তাহলে অবশ্যই চাপ তৈরি করতে পারব। এমনকি ব্যাটের বাইরে বল রাখতে পারব, যা অন্যরা পারবে না। আমাকে যে ভূমিকাই পালন করতে দেওয়া হোক না কেন, আমি সেটাই পালন করতে প্রস্তুত এবং নিজের সেরাটা দেব।’
