ফাইন্যান্স কোম্পানির স্থাপনায় নিরাপত্তা নিয়ে সতর্কতা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০০

ব্যাংকের পর এবার ফাইন্যান্স কোম্পানির স্থাপনায় নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে ফাইন্যান্স কোম্পানির প্রবেশপথ, আইটি রুমসহ অন্যান্য স্থানে সিসি ক্যামেরা রেখে ফুটেজ সংরক্ষণের কথা বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে ফাইন্যান্স কোম্পানির স্থাপনার (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসা কেন্দ্র, বুথ, নিজস্ব/ভাড়াকৃত ভবন ইত্যাদি) প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাহিরে চতুর্দিকে এবং আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। স্থাপিতব্য সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং-এর আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা/পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।

ইত্তেফাক/এমএএম