বেইজিংয়ে শিক্ষাবিষয়ক সিম্পোজিয়ামে প্রধান বক্তা হিসেবে অংশ নিলেন অধ্যাপক মনজুর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:৪১

চীনের বেইজিংয়ে '২০২৩ চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়াম টুয়ার্ডস ইকোলজিক্যাল সিভিলাইজেশন: এডুকেশন ফর সাস্টেইনেবল রুরাল ডেভেলপমেন্ট' শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মনজুর আহমেদ। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর। ৯-১১ ডিসেম্বর চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে।

এই সিম্পোজিয়োমে সমন্বিত গ্রামীণ উন্নয়নের জন্য শিক্ষাকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর মনজুর আহমেদ। টেকসই পল্লী উন্নয়নের ক্ষেত্রে অর্জিত বিস্তৃত অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।

এছাড়া, ইউনেস্কো অধিভুক্ত ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ফর রুরাল এডুকেশনের (ইনরুলড) বোর্ড সদস্য হিসেবে তিনি  সংস্থাটির গভর্নিং বোর্ডের অধিবেশনেও অংশ নেবেন। ইনরুলডের 'এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর রুরাল ট্রান্সফরমেশন: স্কিলস, জবস, ফুড অ্যান্ড গ্রিন ফিউচার টু কমব্যাট পোভার্টি' শীর্ষক গবেষণা প্রতিবেদন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রফেসর মনজুর।

ড. মনজুর আহমেদ ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের (বিআইইডি) প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিইএন) চেয়ার এবং কাউন্সিল অব ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (সিএএমপিই) ভাইস-চেয়ারও তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ইউনিসেফ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নিউইয়র্কে সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার, চীন, ইথিওপিয়া এবং জাপানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের এসেক্সে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল ডেভেলপমেন্টে সিনিয়র রিসার্চার হিসেবে কর্মরত ছিলেন। দেশের শিক্ষানীতি নিয়ে গবেষণা ও বিভিন্নসময়ে এর আধুনিকায়নে প্রত্যক্ষ অবদান রেখেছেন তিনি।

ইত্তেফাক/এসটিএম