ফোর্বস-এর উত্তর আমেরিকার 'থার্টি আন্ডার থার্টি'তে স্থান পেলেন বাংলাদেশি তরুণ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:৫৭

৩০ বছরের কমবয়সী সফল উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনে অবদান রাখা তরুণদের নিয়ে প্রতিবছর তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী 'ফোর্বস'। এটিকে ধরা হয় একটি সম্মানজনক অর্জন হিসেবে। বিশেষ করে ফোর্বস-এর এশিয়া অঞ্চলের 'থার্টি আন্ডার থার্টি'তে ধারাবাহিকভাবেই স্থান করে নিচ্ছেন বাংলাদেশের তরুণরা। এবার উত্তর আমেরিকা অঞ্চলের ২০২৪ সালের তালিকায় স্থান পেয়েছেন একজন বাংলাদেশি। তাঁর নাম সাকিব জামাল। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হলেও তার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশেই।

ঢাকার সানবীমস স্কুল থেকে ও লেভেল শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। সেখানে তিনবছর পড়াশোনা করে ২০১৫ সালে লি পো চুন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব হংকং থেকে স্নাতক-সমমানের ডিগ্রি লাভ করেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লেবার রিলেশনস’ বিষয়ে স্নাতক করেন সাকিব জামাল। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। ২০২৩ সালের জুনে সরাসরি ভাইস-প্রেসিডেন্ট পদে পদোন্নতি পেয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হন।

ফোর্বস-এর সেরা তালিকায় স্থান পাওয়ার কারণ হলো, ২০২০ সালে যোগ দেওয়ার পর মাত্র ৩ বছরে ক্রসবিম ভেঞ্চারসকে ২৮ কোটি ডলারে নিয়ে যান সাকিব। প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে এমন শক্ত অবস্থায় আনতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এর বিভিন্ন বিনিয়োগে তিনি সরাসরি যুক্ত। অন্যান্য বিনিয়োগকারীদেরও উৎসাহ যোগাচ্ছেন। এছাড়া, ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ ব্যয় করছেন বাংলাদেশে সেবামূলক কাজে।

২০২২ ও ২০২৩ সালে ৭ জন করে ১৪ জন বাংলাদেশি স্থান পেয়েছিলেন ফোর্বস থার্টি আন্ডার থার্টি'তে। এর আগেও অনেকে স্থান পেয়েছেন। ২০২৪ সালের এশিয়া অঞ্চলের তালিকা এখনো প্রকাশিত হয়নি।

ইত্তেফাক/এসটিএম