শান্তিগঞ্জে ১২০ টাকায় পেঁয়াজ বিক্রি করালেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি রোধে সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছকিনা আক্তার।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে শাস্তি হিসেবে মেসার্স দোলন স্টোর ও মেসার্স নিশি স্টোর থেকে ১২০ টাকা দরে ৪শ কেজি পেঁয়াজ বিক্রি করানো হয়।

মিলন মিয়া ও লিটন মিয়া নামের দুজন ক্রেতা জানান, গতকাল রোববারও পাগলা বাজারে ১৮০ থেকে ২শ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ মোবাইল কোর্ট এসে দাঁড়িয়ে থেকে ১২০ টাকা দরে বিক্রি করিয়েছেন। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছকিনা আক্তার বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। আমরা খুঁজে বের করে ১২০ টাকা দরে বিক্রি করিয়েছি। পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগিতা করেছেন। বাজারের সব ব্যবসায়ীদের বলেছি, ১৩০ টাকার বেশি পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আমাদের লোক ছদ্মবেশে বাজারে পেঁয়াজের দাম মনিটরিং করবে।

ইত্তেফাক/জেডএইচডি