নির্বাচনে জয় নিয়ে আশাবাদী গোলাম দস্তগীর গাজী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৭

নারায়ণগঞ্জ-১ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত রূপগঞ্জে এবার আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বী মোট আটজন। নারায়ণগঞ্জ-১ তথা রূপগঞ্জ থেকে গত তিনবারের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। 

এ ছাড়াও নির্বাচনের মাঠে উল্লেখযোগ্যদের মধ্যে দৌড়ঝাঁপে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও জাতীয় পার্টি থেকে সাইফুল ইসলাম। 

স্থানীয়রা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) দখলে অনেকটাই। এর প্রেক্ষাপট হলো, সংসদ সদস্য হিসেবে গত দেড় যুগে একসময়ের জরাজীর্ণ একটি উপজেলাকে বদলে দেওয়ার মূল কারিগর হচ্ছেন তিনি। ফলে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গাজীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এই রূপগঞ্জকে সাজাতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। এখানে পূর্বাচল উপশহর, নতুন নতুন শিল্প-কারখানা গড়ে ওঠা, ভুলতা ফ্লাইওভার নির্মাণ, গাজী সেতু, কাঞ্চন সেতু, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, রাস্তাঘাট প্রশস্তকরণ, নতুন নতুন রাস্তা-নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, কর্মসংস্থানসহ নানা উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী আবারও আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার পরিবারের সদস্যরা রূপগঞ্জের মানুষের জন্য কাজ করে। আবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে রূপগঞ্জ থেকে নৌকা উপহার দেব প্রধানমন্ত্রীকে।’

এলাকার জনগণের মতে, গোলাম দস্তগীর গাজী সব দিক থেকেই শ্রেয়তর প্রার্থী। তিনবারের সাংসদ, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, দলের সংকটময় মুহূর্তেও থেকেছেন অবিচল। একজন শিল্পপতি এবং মন্ত্রী হওয়ার পরও নিজ এলাকায় যথেষ্ট সময় দেন। রূপগঞ্জে গাজীর বিকল্প কেবল গাজী।

.