রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের পর এবার সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে অজিরা। এই ম্যাচে ফিলিস্থিনিদের সমর্থনে একটি উদ্যোগ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তবে আইসিসির নিয়মের কারণে আশাহত হতে হচ্ছে এই ওপেনারকে।
গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ক্রীড়াঙ্গনেও যার নজির দেখা যাচ্ছে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে পার্থ টেস্টে একটি বিশেষ বার্তা সম্বলিত জুতা পরতে চেয়েছিলেন খাজা। অজি ওপেনার এই ম্যাচের আগে অনুশীলনেও সেই একই জুতা পরেছিলেন। খাজার জুতায় লেখা বার্তাটি ছিল, ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান।’
তবে মূল ম্যাচের দিন এই বার্তা সম্বলিত জুতা পরে খাজা মাঠে নামতে পারবে না বলে জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের দলের শক্তিশালী দিক যে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। আজ উজির (খাজা) সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছি। আমি মনে করি না, তার এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা তার পাশে আছি। আইসিসি তাদের নিয়মের বিষয়টি সামনে এনেছে। যে নিয়ম উজি জানত কি না, তা আমি জানি না।’
আইসিসির নিয়মানুযায়ী, সংস্থাটির অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার বা ম্যাচের দায়িত্বরত কর্মকর্তা কোনো ধরনের বার্তাসংবলিত পোশাক, খেলার সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না। এর আগে ২০১৪ সালে ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে, ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ডের পরায় নিষিদ্ধ করেছিল আইসিসি।
