জনগণের মন জয় করতে হবে: পঙ্কজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৩

বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে উল্টো পঙ্কজ দেবনাথের আপিলে শাম্মী আহম্মেদের প্রার্থিতাই বাতিল করে দিয়েছে ইসি।

প্রার্থিতা বহাল ঘোষণার পর অনুভূতি প্রকাশ করে পঙ্কজ দেবনাথ বলেন, ‌‘নির্বাচনে এখনও জাতীয় পার্টি ও মুক্তিজোটের প্রার্থী আছে। আমাদেরকে জনগণের মন জয় করতে হবে, আর এটাই হবে বড় চ্যালেঞ্জ।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় পঙ্কজ দেবনাথ বলেন, ‘শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছে ইসি। এখন হয়তো শাম্মী আহমেদ হাইকোর্টে যেতে পারেন। তবে আমার নির্বাচনী এলাকায় এখনও জাতীয় পার্টি, মুক্তিজোটের প্রার্থী রয়ে গেছে। সুতরাং নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে।’

তিনি আরও বলেন, ‘এ নির্বাচন গ্রহণযোগ্য স্বচ্ছ করতে হবে। কাজেই নির্বাচন করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের মন জয় করেই জিতে আসতে হবে।’

একই দিন ইসির আপিল শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রাখে কমিশন। আপিলের রায় ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

ইত্তেফাক/এইচএ